স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ সেপ্টেম্বর:
করোনা আবহে রাজ্যে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু তারই মাঝে স্কুলের পঞ্চাশ বছর পূর্তিতে ছাত্র ছাত্রীদের হাইটেক ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শেখানোর উদ্যোগ নিল নদিয়ার শান্তিপুরের একটি প্রাথমিক বিদ্যালয়।
সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের সূত্রগড় এলাকায় ১৯৭২ সালে স্থাপিত হয় ড. রমেশ চন্দ্র বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, ২০২২ সালে পঞ্চাশ বছর পূর্ণ হবে। আর বিদ্যালয়ের সেই পঞ্চাশ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ছাত্রছাত্রীদের হাইটেক পদ্ধতিতে শিক্ষা দানের উদ্যোগ নেওয়া হয়েছে। যার অঙ্গ হিসেবে ইতিমধ্যেই স্কুলে ফ্রি ওয়াইফাই পরিষেবা সহ প্রাথমিক ভাবে একটি শ্রেণিকক্ষকে এন্ড্রয়েড প্রযুক্তি ব্যবহার করে অডিও ভিজুয়াল পদ্ধতিতে শিক্ষা দানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আগামী এক বছরে সমস্ত শ্রেণিতেই এই পদ্ধতি ব্যবহার করা হবে।

করোনা আবহে ইতিমধ্যেই অনলাইনে শিক্ষাদান শুরু হয়েছে। এবার তার সাথে প্রাথমিক স্কুলেও ডিজিটাল পদ্ধতির ব্যবহার ছাত্রছাত্রীদের জন্য এক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে শিক্ষক মহল।

