স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ সেপ্টেম্বর:
বাড়ির অবর্জনা ফেলা নিয়ে বিবাদকে কেন্দ্র করে বৃদ্ধা মা ও স্ত্রীর সামনে ছেলেকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙা ঘাটিঘাছা এলাকায়।
জানা গেছে, প্রতিবেশী কল্যাণ দাস ও বঙ্কিম দাসের জমির মধ্যে তার প্রতিবেশী শ্যামল দাসের বাড়ির ময়লা আবর্জনা পাশের বাড়ির জমিতে ফেলাকে কেন্দ্র করে বিবাদ। গত ১ লা সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্যামল দাসের পরিবারের সাথে কল্যাণ দাসের ঝামেলা চরম পর্যায়ে ওঠে। এরপর শ্যামল দাস বাড়িতে দুপুরে ভাত খেতে বসার সময় অচমকা প্রতিবেশী কল্যাণ ও তার সহযোগী বঙ্কিম দাস তাঁর উপর চড়াও হয়। বেধরক মারধর করা হয় শ্যামল দাসকে। এমনকি লাঠি, রড দিয়ে শ্যামলের মাথায় আঘাত করলে তাকে স্থানীয়রা উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এর পর গতকাল হাসপাতাল থেকে পরিবারের লোকজন ছুটি করে নিয়ে যাবার পর শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। আবার তার দেহ রানাঘাট হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
মৃতের পরিবারের লোকজন রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশের উপর ভরসা রেখে দোষীদের উপযুক্ত শাস্তির দাবী তোলে শ্যামল দাসের পরিবারের সদস্যরা। প্রসঙ্গত মাত্র ৭ মাস আগে শ্যামল দাসের বিয়ে হয়। পরিবারের একমাত্র উপার্জনশীল শ্যামল টোটো চালিয়ে সংসার চালান। বৃদ্ধা মায়ের সামনে ছেলের মৃত্যুতে গভীর শোকাহত পরিবার। শ্যামলের বাবা আগেই মারা গেছেন। বড় ভাইও মারা গেছেন। তাই পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি।

