সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৫ এপ্রিল: ভারত- বাংলাদেশ যশোরের বেনাপোল স্থলবন্দরে রফতানি পণ্য ব্লিচিংপাউডার বোঝাই ভারতীয় ৬ টি ট্রাকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুক্রবার সকাল ৫টা নাগাদ বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে এই আগুন লাগার ঘটনা ঘটে। দমকলের ৩টি ইঞ্জিন প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় বন্দরের মধ্যে থাকা আমদানি পণ্যবাহী অনেক ভারতীয় ট্রাককে দূরে সরিয়ে নেওয়া হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রফতানি কারকদের দাবি, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা।

বেনাপোল বন্দরের এক আধিকারিক মামুন কবীর তরফদার জানান, সাধারণত ব্লিচিং পাউডারে পানি লাগলে বা অতিরিক্ত গরমের কারণে আগুন ধরে যায়। হয়তো এ কারণেই আগুনের ঘটনা ঘটতে পারে। তবে কি কারণে ভারতীয় ব্লিচিং বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে তা তদন্ত না করে এখনই বলা যাচ্ছে না। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও এখনই বলা সম্ভব না।
বন্দরের নিরাপত্তারক্ষী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে আমদানিকৃত ব্লিচিং পাউডার বোঝাই ৭টি ট্রাক বন্দরের টিটিআই মাঠে আনলোডের অপেক্ষায় কয়েকদিন ধরে দাঁড়িয়ে ছিল। ট্রাকে পণ্য ত্রিপল দিয়ে ঢাকা ছিল। ভোরের দিকে অতিরিক্ত গরমে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে পাশে থাকা আরও পাঁচটি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। অতিরিক্ত গরমের কারণে হয়তো ব্লিচিং বোঝাই ট্রাকে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে অনেকে। এই বিষয়ে
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী বাংলাদেশে রপ্তানি ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, এমন ক্ষতির ঘটনা বার বার ঘটছে বাংলাদেশের বেনাপোলে। এর আগেও এমন ঘটনা ঘটেছে বাংলাদেশে তারপরও বন্দর কর্তৃপক্ষ সুরক্ষার ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।

