ভাইস চেয়ারম্যানের উদ্যোগে অভিনব ইলিশ উৎসবের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ বনগাঁতে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ এপ্রিল: নতুন বছরের আবির্ভাবে মন হয় উল্লাসিত। বাঙালীর এই বর্ষবরণ উপলক্ষ্যে বনগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান জোৎস্না আঢ্যর উদ্যোগে বিএস ক্লাবের মাঠে ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে বাংলা নববর্ষ উৎযাপন করতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল শুক্রবার দুপুরে। সঙ্গে ছিল নাচ গান। দুপুরের ভুরিভোজটা ছিল একেবারে বাঙালিয়ানা, পান্তাভাত, কচুশাক, ইলিশমাছ ভাজা, বিউলির ডাল, শেষ পাতে জিলাপি সব মিলিয়ে বাঙালিয়ানার সঙ্গে বাংলা নববর্ষ উৎযাপন তাক লাগিয়ে দিয়ে ছিল বর্ষবরণে।

অনুষ্ঠান প্রসঙ্গে বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য বলেন, বাংলাদেশ থেকে দুশো কেজি ইলিশ আনা হয়েছে। শুধু চার নম্বর ওয়ার্ডের মানুষ নয় আপামর বনগাঁর বিশিষ্ট গুণীজনদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। এই অনুষ্ঠান ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ১৪২৯ বাংলা নববর্ষ উৎযাপনের আয়োজন আমরা করেছি। তিনি দাবি করেন, এর আগে বনগাঁতে এমন ধরনের অনুষ্ঠান আগে কখনো হয়নি। বনগাঁ মহকুমা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দ্বীনবন্ধু মিত্রের মাটি, তাই পুরনো দিনের ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই তাদের এই উদ্যোগ। ইলিশ উৎসবে অংশগ্রহণ করে খুশি এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *