পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: শিশু দিবস উপলক্ষে ইন্ডিয়া ফার্মেসির উদ্যোগে বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও এক মহতী মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে আয়োজিত হলো বিনামূল্যে মেডিকেল হেলথ চেকআপ ক্যাম্প।

এই উপলক্ষে হরিশপুরের বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে শিশু ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই শিবিরে প্রায় ৩০০ জন শিশু ও তাদের অভিভাবকদের বিনামূল্যে শারীরিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের মুখে হাসি ফোটাতে কেক ও চকলেট বিতরণ করা হয়। এছাড়াও নারীস্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে মহিলাদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন এবং মেনিপকো প্যাড বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ সিং- এর আন্তরিক উদ্যোগ, সহযোগিতা ও সর্বাত্মক সহায়তায় এই স্বাস্থ্য শিবিরটি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন করা সম্ভব হয়। তাঁর ঐকান্তিক সহযোগিতা এই মহতী উদ্যোগকে বাস্তবায়িত করতে বিশেষ ভূমিকা পালন করেছে।শিবিরে উপস্থিত শিশু ও তাঁদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। বিশেষ করে গ্রামের বহু সাধারণ পরিবার আর্থিক অসুবিধার কারণে নিয়মিত চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন না। তাঁদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চিকিৎসকরা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে গ্রামে এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেছেন। এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে এক বিশেষ আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও গ্রামবাসীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও তাঁদের এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবির ও জনকল্যাণমূলক কর্মসূচি আরও বেশি করে আয়োজন করার আবেদন জানান। এই শিবির আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা নেন বিশিষ্ট সমাজসেবী অন্তু মোদক ও পিয়ালী মোদক। এঁদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা, দায়বদ্ধতা ও নিরলস প্রচেষ্টা ছাড়া এই স্বাস্থ্য শিবিরকে এত সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলে।

ইন্ডিয়া ফার্মেসি কর্তৃপক্ষের পক্ষে জানানো হয়, “আজকের এই আয়োজন আমাদের আরও একবার বুঝিয়ে দিল, মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুধু অর্থ নয়, প্রয়োজন আন্তরিক ইচ্ছাশক্তি, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা। আমাদের অঙ্গীকার— স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাক সমাজের প্রতিটি মানুষের দোরগোড়ায়।
শিশুদের সুস্থতা, নারীদের স্বাস্থ্য সচেতনতা এবং গ্রামীণ মানুষের চিকিৎসার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনেও আমাদের এই মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

