পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: শনিবার মেদিনীপুর জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হলো সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীদের সংগঠনের জেলা সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, সবংয়ের বিধায়ক অমল পণ্ডা- সহ সংগঠনের একাধিক নেতা ও কর্মী।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গ্রামীণ সম্পদ কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “সরকার আপনাদের কথা ভাববে। আপনারা মানুষের কথা ভাবুন। আজ আপনাদের জন্যই মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন।” সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গ্রামীণ সম্পদ কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি তাঁদের কাজের স্বীকৃতি এবং ভবিষ্যৎ নিয়ে সরকার ভাবনাচিন্তা করবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক ও সাম্প্রতিক বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন দিলীপ ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবানী ভবনে পৌঁছানো নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এরকম ঘটনা আরও অনেকবার ঘটবে। এর আগেও অভিষেক ইডি ও সিবিআইয়ের দফতরে গিয়েছেন, চা খেয়ে ফিরে এসেছেন বলেও কটাক্ষ করেন তিনি।
অন্যদিকে, সুমিত রায় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “জেলে আছেন, ভালো আছেন। বাইরে থাকলে তৃণমূলের লোকজনই মেরে ফেলবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেস ও সিপিএমকে একযোগে কটাক্ষ করে তিনি বলেন, “জিরো আর জিরো যোগ করলে জিরোই হবে।” পাশাপাশি বাংলা আবাস যোজনা নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও সরব হন মন্ত্রী। তাঁর দাবি, দুর্নীতির সঙ্গে জড়িত অনেকেই ইতিমধ্যে টাকা ফেরত দিয়েছেন। তবে বাকিদেরও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তাঁর কথায়, দুর্নীতি করলে কাউকেই রেয়াত করা হবে না।
গ্রামীণ সম্পদ কর্মীদের সম্মেলনকে কেন্দ্র করে এদিন যেমন তাঁদের কাজের স্বীকৃতি ও ভবিষ্যৎ নিয়ে আশ্বাসের বার্তা উঠে আসে, তেমনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরেও চর্চা শুরু হয়।

