পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: গ্রামীণ বাংলার সার্বিক উন্নয়নে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। সমস্যা সমাধানে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তবে তার জন্য প্রয়োজন গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং আধুনিক প্রযুক্তির প্রসার। নবীন প্রজন্মের কাছে উন্নত প্রযুক্তি পৌঁছে দিয়ে তাদের শিক্ষিত ও দক্ষ করে তোলার লক্ষ্যেই খড়্গপুর আইআইটিতে আয়োজিত রুরাল কানেক্ট কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

তিনি বলেন, দেশে উন্নত প্রযুক্তির অভাব নেই। কিন্তু সেই প্রযুক্তি গ্রামীণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। কারণ, দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন।

মন্ত্রী আরও বলেন, গ্রামীণ বাংলায় প্রতিভা ও মেধার কোনও অভাব নেই। প্রয়োজন সেই মেধাকে চিহ্নিত করে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা। প্রযুক্তিনির্ভর উন্নয়নের মাধ্যমে গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব। সেই লক্ষ্যে গ্রামীণ এলাকায় প্রযুক্তির প্রসার, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং নবীন প্রজন্মকে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তোলার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।


