India Book, Mishuk, ইন্ডিয়া বুক অব রেকর্ডস- এ মেদিনীপুরের মিশুক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: মাত্র ৭বছর ৭ মাস বয়সেই আবৃত্তিতে “ইন্ডিয়া বুক অফ রেকর্ডস” এর স্বীকৃতি অর্কস্মিত পাখিরা (মিশুক) এর। এই অল্প বয়সেই আবৃত্তি ক্ষেত্রে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে “ইন্ডিয়া বুক অফ রেকর্ডস” এ স্থান করে নেওয়ার গৌরব অর্জন করল মেদিনীপুর শহরের নজরগঞ্জের বাসিন্দা, চুয়াডাঙ্গা স্কুলের শিক্ষক ড: হীরুলাল পাখিরা এবং মনোহরপুর রাজারামচন্দ্র বিদ্যানিকেতনের শিক্ষিকা প্রিতিশা দে’র একমাত্র সন্তান অর্কস্মিত পাখিরা। এই প্রতিভাবান শিশু রয়্যাল অ্যাকাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র। এই সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দ ও গর্বে ভাসছে অর্কস্মিতের পরিবার, বিদ্যালয় ও শুভানুধায়ীরা।

ছোটবেলা থেকেই আবৃত্তির প্রতি অর্কস্মিতের বিশেষ আগ্রহ। নিয়মিত অনুশীলন, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের মাধ্যমে সে তার প্রতিভাকে আরো বিকশিত করেছে। তার স্পষ্ট উচ্চারণ, সাবলীল উপস্থাপনা ও আবৃত্তির প্রতি ভালোবাসায় তাকে এই বিশেষ স্বীকৃতির পথে এগিয়ে নিয়ে গেছে। তার এই সাফল্যের পিছনে পরিবারের পাশাপাশি রয়েছেন তার আবৃত্তির গুরুমা যার নিরলস প্রশিক্ষণ ও প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাফল্যের এই মুহূর্ত তাদের কাছে অত্যন্ত গর্বের ও স্মরণীয়। তবে এই সাফল্য অর্জনকে তারা অর্কস্মিতের ভবিষ্যৎ পথ চলার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখছেন। পরিবার, শিক্ষক- শিক্ষিকা ও এলাকাবাসীর তরফ থেকে অর্কস্মিতের জন্য আশীর্বাদ ও শুভকামনা করা হয়েছে যাতে আগামী দিনে সে তার প্রতিভাকে আরো বিকশিত করে আবৃত্তি জগতে আরো বড় সাফল্য অর্জন করতে পারে।

মাত্র ৭ বছর ৭ মাস বয়সী এই শিশু শিল্পীর কৃতিত্ব শুধু তার পরিবারের নয়, মেদিনীপুরের জন্যও এক গর্বের মুহূর্ত। তার এই সাফল্য আগামী প্রজন্মের শিশুদের নিজেদের প্রতিভা ও স্বপ্নকে অনুসরণ করার অনুপ্রেরণা জোগাবে।

মেদিনীপুরের মিশুক’কে “ইন্ডিয়া বুক অফ রেকর্ড” এর এই গৌরবময় স্বীকৃতির জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *