আমাদের ভারত, কলকাতা, ১০ জুন: ৭৫ বছর পূর্তি বা প্লাটিনাম জুবিলি উদযাপনের অঙ্গ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বুধবার ওয়াকাথন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করলো ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন (আইটিইএফ), বেঙ্গল সার্কেল। কলকাতার ধর্মতলায় আয়কর ভবন চত্বর থেকে এই কর্মসূচির সূচনা হয়।
সকালে আয়কর বিভাগের ডেপুটি কমিশনার (এডমিনিস্ট্রেশন) আশুতোষ সাহু সাদা পায়রা উড়িয়ে ওয়াকাথনের সূচনা করেন। আয়কর দফতরের কর্মী ও আধিকারিকরা পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সুস্থ জীবন যাপনের বার্তা নিয়ে পদযাত্রায় অংশ নেন। পরে আয়কর ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।

আশুতোষ সাহু বলেন, “জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। একই সঙ্গে সুস্থ জীবনধারা গড়ে তুলতে নিয়মিত হাঁটা ও শরীরচর্চার প্রয়োজন রয়েছে।”
ফেডারেশনের সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী জানান, গত ৭৫ বছরে সংগঠনটি কর্মীদের স্বার্থরক্ষার পাশাপাশি আয়কর বিভাগের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্লাটিনাম জুবিলি উপলক্ষে শুধুমাত্র উৎসব নয়, সামাজিক দায়বদ্ধতার কর্মসূচিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের বিভিন্ন আয়কর দফতর কেন্দ্রেও একই দিনে ওয়াকাথন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। প্লাটিনাম জুবিলিতে বর্ষজুড়ে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংক্রান্ত নানা কর্মসূচির মাধ্যমে সংগঠনের ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হবে।
ওয়াকাথন ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গঠন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির যে বার্তা দেওয়া হয়েছে, তা উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

