আমাদের ভারত, ১০ মে: রাজ্যে ভোট প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই নির্বাচনের ময়দানে ঝাল মুড়ির ঝড় উঠেছিল। এবার সেই ঝাল মুড়ির দিল্লি যাত্রার সৌভাগ্য হলো। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রীকে নিজের হাতে ঝাল মুড়ি বানিয়ে খাওয়ালেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদী। বুধবার ৪৩৯৯ দিনের নিরবিচ্ছিন্ন কার্যকাল সম্পূর্ণ করেছেন তিনি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর রেকর্ডকেও ছাপিয়ে গেলেন তিনি। আর সেই দিনই দিল্লির ভারত মণ্ডপমে বসে এনডিএ’র বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন এনডিএ’র সব শরিক দলের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির মুখ্যমন্ত্রীরা। কিন্তু সেই বৈঠকের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠল ঝাল মুড়ি। সেখানে ঝাল মুড়ি স্টল করা হয়েছিল। সেই স্টলে গিয়ে নিজে হাতে ঝালমুড়ি বানিয়ে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভারতের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হবার সুবাদে বিশ্বজুড়ে নেতারা যেমন মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন তেমন শুভেচ্ছা জানিয়েছেন এনডিএ-র শরিকরা।
বাংলার বিধানসভা ভোট প্রচারে এসে ঝাড়গ্রামের একটি দোকানে গিয়ে ঝাল মুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর থেকে বিজেপির কাছে রীতিমত ব্র্যান্ড হয়ে উঠেছে ঝালমুড়ি। ঝাল মুড়ি খাওয়ার অভিজ্ঞতার কথা নিজে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলেন মোদী। তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গে চারটি জনসভার কর্ম ব্যস্ততায় রবিবার ঝাড়গ্রামে সুস্বাদু ও মশলাদার ঝালমুড়ি চেখে দেখলাম। সেই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে গিয়েছিল।
বাংলা জয়ের পর দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতা- কর্মীরা ঝালমুড়ি খেয়ে এই জয় উদযাপন করছিলেন। এমনকি বিদেশেও প্রধানমন্ত্রী যখন গিয়েছেন, তখন তাঁর গলায় ঝালমুড়ির প্রসঙ্গ শোনা গেছে। বাংলায় বিপুল জয়ের পর দিল্লির সদর দপ্তরেও বিজেপি নেতাদের দেখা গেছে ঝাল মুড়ি খেয়ে জয় উদযাপন করতে। কেবল তাই নয়, বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও ছিল ঝাল মুড়ি। এবার দিল্লির এনডিএ’র বৈঠকেও তার ব্যতিক্রম হলো না।
ভারত মণ্ডপমের সভায় ঝালমুড়ি স্টলে এলেন প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে ঝাল মুড়ির প্লেট এগিয়ে দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ঝাল মুড়ি নিয়ে আড্ডায় মেতে উঠলেন সেখানে উপস্থিত সকলে। স্পষ্ট হয়ে গেল ঝাল মুড়ি রাজনীতি থেকে এখনই সরে আসছে না বিজেপি, বরং মোদী, শাহরা এই ঝালমুড়ি রাজনীতিকে আরো কিছুদিন সঙ্গী করেই এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

