BJP, Bangaon, বনগাঁয় ঘরে ঘরে উন্নয়নের বার্তা, গৃহ সম্পর্ক অভিযানে বিজেপি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের ১২ বছর পূর্তি উপলক্ষে বনগাঁ সাংগঠনিক জেলার বনগাঁ উত্তর মণ্ডল ৪-এর উদ্যোগে শুরু হয়েছে ‘বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক অভিযান’। এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিটি বাড়ির দরজায়।

বুধবার বনগাঁ উত্তর মণ্ডল ৪-এর কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘোরেন বনগাঁ জেলার বিজেপি নেতা শোভন বৈদ্য। এদিন সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন, শোনেন তাঁদের সুবিধা- অসুবিধার কথা। পাশাপাশি তুলে ধরেন গত ১২ বছরে মোদী সরকারের সাফল্যের খতিয়ান। উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিষাণ সম্মান নিধি- সহ একাধিক প্রকল্পে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হয়েছেন, সেই তথ্য তুলে ধরেন কর্মীরা।

এদিন শোভন বৈদ্য বলেন, “মোদীজির সুশাসনের ১২ বছর, পৌঁছে গেছে উন্নয়নের আলো। ‘বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক অভিযান’- এর মাধ্যমে আজ সরকারি সেবা ও সুফলের বার্তা পৌঁছে যাচ্ছে প্রতিটি দরজায়। সরকারের এই বৃহৎ জনকল্যাণমূলক যাত্রায় আপনার ঘর হয়ে উঠুক সমৃদ্ধির নতুন ঠিকানা।”

তিনি আরও জানান, শুধু প্রচার নয়, এই অভিযানের মূল লক্ষ্য হলো মানুষের পাশে দাঁড়ানো। কোনও পরিবার সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকলে, তাঁদের নাম নথিভুক্ত করে দ্রুত সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে দল। পাশাপাশি নতুন ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের কাজেও সাহায্য করছেন বিজেপি কর্মীরা।

মণ্ডল সভাপতি সমরেশ মণ্ডল জানান, আগামী কয়েকদিন ধরে বনগাঁ উত্তর মণ্ডল ৪- এর প্রতিটি বুথে এই ‘গৃহ সম্পর্ক অভিযান’ চলবে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি, স্টিকার লাগানো এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, বাড়িতে এসে সরকারি প্রকল্প বুঝিয়ে দেওয়ায় তাঁরা উপকৃত হচ্ছেন। অনেকেই জানতেন না কোন প্রকল্পে কী সুবিধা মেলে, কর্মীদের মাধ্যমে তা স্পষ্ট হচ্ছে।

উল্লেখ্য, মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে গোটা দেশজুড়েই বিজেপি বিভিন্ন জনসংযোগ কর্মসূচি নিয়েছে। তারই অংশ হিসেবে বনগাঁতেও জোরকদমে চলছে এই অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *