নয়াগ্রামের চোলাই কারবারিদের বিকল্প রোজগারের ব্যবস্থা করতে সৃজন প্রকল্পের উদ্বোধন

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ জুলাই: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করল ঝাড়গ্ৰাম জেলা পুলিশ। জেলা পুলিশের সৃজন প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাশরুর চাষের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় পরিকাঠামো যুক্ত ঘরের মধ্যে মাশরুর চাষের ব্যবস্থা করে দেওয়া হল‌‌। শুক্রবার নয়াগ্ৰাম থানা এলাকার পাতিনা পুলিশ ক্যাম্পে এই ‘সৃজন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ঝাড়গ্ৰাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা।

এই প্রকল্পের উদ্বোধন করতে এসে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে একপ্রকার পাইলট প্রোজেক্ট হিসাবে আজ গোপীবল্লভপুর এবং নয়াগ্ৰাম এলাকার মোট ২৬ টি পরিবারকে নিয়ে সৃজন প্রকল্পের মাধ্যমে মাশরুর চাষের উৎসাহ দেওয়া হচ্ছে। আগামী দিনে ভালো সাড়া পেলে জেলাজুড়ে আরাও বেশি পরিমাণে মহিলাদের উৎসাহ দেওয়া হবে।

পাশাপাশি জেলা পুলিশ সুপার বলেন, এলাকায় প্রচুর পরিমাণে মানুষ বেআইনি চোলাই কারবারে যুক্ত, প্রতি নিয়ত চোলাই কারবার রুখতে অভিযান চলছে। কিন্তু চোলাই কারবারিদের চোলাই কারবার ছেড়ে আগামী দিনে বিকল্প রোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য এইরকম প্রকল্পে উৎসাহ দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।

বিধায়ক দুলাল মুর্মু বলেন, রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী নানা ধরনের স্বনির্ভরতার উদ্যোগ নিয়েছেন যার মধ্যে এই মাশরুর চাষের উৎসাহ অন্যতম। যা পুলিশের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে।

আজ কর্মসূচিতে পুলিশ সুপার ও বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার ও অপারেশন, নয়াগ্ৰাম ব্লকের বিডিও ঋতুপর্ণা চ্যাটার্জি, নয়াগ্ৰাম থানার আইসি সুদীপ ঘোষাল, পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শ্রীজীব সুন্দর দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *