অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২২ জুলাই: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা বাঁশ দিয়ে ঘিরে পথ অবরোধ করল গ্রামবাসীরা। শুক্রবার দহিজুড়ি থেকে লালগড় যাওয়ার রাস্তায় রানারানিতে অবরোধ করল গ্রামবাসীরা। এদিন জেলাশাসকের বিরুদ্ধে লালকালি দিয়ে সাদা কাগজে পোষ্টার লিখে টাস্তা অবরোধ করা হয়। রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা।
নারী, পুরুষ, শিশু সবাই মিলে অবরোধে সামিল হন। গ্রামবাসীদের অভিযোগ, কুসুমটিকরি থেকে রানারানি পর্যন্ত দু’ কিমি রাস্তার অবস্থা অত্যন্ত বিপদজনক। রোজই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। এখানেই রয়েছে পোষ্ট অফিস, উপস্বাস্থ্যকেন্দ্র, স্কুল। ফলে বিপদ মাথায় নিয়ে চলাফেরা করতে হয়। বার বার বললও কোনো সুরাহা হয়নি। তাই যতক্ষণ না উচ্চপদস্থ কর্তারা এসে লিখিত অাশ্বাস দিচ্ছেন ততক্ষণ অবরোধ চলবে।এদিন অবরোধের ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়েছে।

