জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুন:
মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে ডব্লিউবিসিএস এবং আইএএস পরীক্ষার জন্য বিশেষ কোচিং সেন্টারের উদ্বোধন করেছেন জেলাশাসক রেশমি কমল। ছাত্রছাত্রীদের সিভিল সার্ভিসের প্রতি আগ্রহ বাড়াতে এই সেন্টারের উদ্বোধন করা হয়।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক কেম্পা হুন্নাইয়া, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত ও শিক্ষা) কুহুক ভূষণ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু, নিবন্ধক জয়ন্ত কিশোর নন্দী সহ কলা ও বিজ্ঞান বিভাগের ডিন। এদিন বিশ্ববিদ্যালয়ে ইউপিএসসি পরীক্ষায় ৯৪ সাফল্য পাওয়ার ইন্দ্রাশীষ দত্তকে বিশেষ সম্মান জ্ঞাপন করেন জেলাশাসক রেশমি কোমল এবং অধ্যাপক শিবাজী প্রতিম বসু। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই কোচিংয়ের জন্য একটি পরীক্ষার মাধ্যমে ৪০ জনকে বেছে নিয়েছে। ১৬০ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সপ্তাহে দুদিন হিসেবে এক বছর কোচিং দেওয়া হবে। ডবলিউবিসিএস ও এআইএস পদ মর্যাদার সরকারি আধিকারিকরা এবং বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বাররাও কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের গাইডেন্স দেবেন।

