জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: মেদিনীপুরে জেলা জজ কোটে কাজকর্মের সুবিধার জন্য শনিবার অনলাইন পদ্ধতির একটি কনফারেন্স রুম ও রিডিং রুমের সূচনা করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক উপস্থিত থেকে এই কক্ষটির দ্বারোদঘাটন করেন। পরে বিচারপতি দেবাংশু বসাক এবং জেলা বিচারক সৌমেন্দ্রনাথ দাস ভিডিও কনফারেন্সে জেলার মহকুমা আদালতগুলির সঙ্গে সরাসরি যুক্ত হন এবং অনলাইন কাজের আনুষ্ঠানিক সূচনা করেন।

পাশাপাশি, ইউনিসেফের নির্দেশে এবং সুপ্রিম কোর্টের আদেশে রাজ্যের মধ্যে প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে কর্মরত কর্মী ও আইনজীবী এবং আদালতে আসা সাধারণ মানুষের জন্য একটি বিশেষ কক্ষের ব্যবস্থা করা হয়। এছাড়াও কর্মসূত্রে শিশুদের নিয়ে আদালতে আসা মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে আদালত চত্বরে শিশুদের জন্য একটি ক্রেশ এবং মাদার ল্যাকটেটিং কক্ষেরও উদ্বোধন করেন বিচারপতি দেবাংশু বসাক।


