জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: আজ শনিবার থেকে শুরু হল ২০ তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জেলা বইমেলা শুরু হয়। বই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক ক্যাম্পা হোন্নাইয়া। দাসপুর সবুজ সংঘ ময়দানে আজ থেকে এই জেলা বইমেলা শুরু হয়েছে।
প্রথমে ঠিক হয়েছিল বিদ্যাসাগর বিদ্যালয় ময়দানে ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা হবে। কিন্তু করোনা সংক্রমণের কারণে তা পিছিয়ে ১২ থেকে ১৮ তারিখ পর্যন্ত করা হয় এবং দাসপুর সবুজ সংঘ ময়দানে মেলা স্থানান্তরিত করা হয়। মেলা চলবে ৭ দিন। জন শিক্ষা প্রসার ও রাজ্য গ্রন্থাগার পরিষেবা বিভাগের যৌথ উদ্যোগে ও জেলা পরিষদের ব্যবস্থাপনায় পশ্চিম মেদিনীপুর জেলা বই মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার ৬৫ টি স্টল রয়েছে।
এদিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞা, কারিগরি শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির, বিধায়ক অজিত মাইতি, মমতা ভুঁইঞা, জেলা শাসক রশ্মি কমল, সমাজসেবী আশীস হুদাইত প্রমুখ।

