সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ এপ্রিল: বাঁকুড়ার জঙ্গলমহল সারেঙ্গায় মাওবাদী পোষ্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই পোস্টার কান্ড বিরোধীদের কাজ বলে তৃণমূলের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।
কিষানজির মৃত্যুর বদলা চেয়ে আজ মঙ্গলবার বাঁকুড়ার সারেঙ্গার গোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখা যায়। এই পোস্টারগুলির একটিতে সিপিআই (মাওবাদী) র নাম দিয়ে লেখা হয়েছে ‘আমাদের নেতা কিষানজীর মৃত্যুর বদলা চাই’। এছাড়া পোষ্টারে হুমকি দিয়ে বলা হয়েছে, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীদের সময় এবার শেষ হয়ে এসছে, সাবধান। অন্য পোস্টারে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে লেখা হয়েছে এবার খেলা হবে টিএমসি নেতাদের সাথে। এবার আমরা খেলব টিএমসি নেতাদের সঙ্গে৷ দুটি পোস্টারের শেষে লেখা আছে বল হরি, হরি বোল। এই সব পোষ্টারকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এই পোষ্টার পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সারেঙ্গা থানার পুলিশ। তারা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই পোষ্টার ঘিরে বিরোধীদের দিকে আঙুল তুলেছে জেলার দাপুটে তৃণমূল নেতা তথা তালডাংরার বিধায়ক ও জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী। এদিন তিনি বলেন, বিরোধীদের কোনো কাজ না থাকায় পোষ্টারের মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। উন্নয়নের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই সব পোষ্টার বিরোধীদেরই কাজ।
প্রসঙ্গত, মাওবাদী সন্দেহে বোলপুর থেকে ধৃত টিপু সুলতান ও আর্কদীপ গোস্বামীকে গতকাল খাতড়া আদালতে তোলা হয়। তাদের ৮ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতের নির্দেশে বারিকুল থানার পুলিশ এই দুই মাও কার্যকলাপে যুক্তকে নিজেদের হেপাজতে নিয়ে জেরা করছে।
অন্যদিকে ধৃতদের আদালতে তোলার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সারেঙ্গায় মাও নামাঙ্কিত পোস্টার সাঁটিয়ে মাওবাদীরা তাদের উপস্থিতি জানান দিল বলেই মনে করা হচ্ছে। এদিকে, এই পোস্টার পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ফের মাও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যে ভাষায় মাও নামাঙ্কিত পোষ্টার পড়েছে তার সঙ্গে অনেকটাই মিল রয়েছে গত প্রজাতন্ত্রের দিন বারিকূলে পড়া পোষ্টারের। “আমরা শীঘ্রই আসছি, আমাদের কীষানজীর মৃত্যুর বদলা চাই। লাল সেলাম”, “আমাদের শহিদ দিবসে এলাকার মানুষ দলে দলে যোগদান করুন।”
বারিকূলের ফুলকুসুমায় গত প্রজাতন্ত্র দিবসের সকালে এরকম বেশ কিছু মাওবাদী নামাঙ্কিত পোষ্টার পাওয়া যায়। এই ঘটনার তদন্তে নামে বারিকূল থানার পুলিশ। স্থানীয় মেলেড়া গ্রাম পঞ্চায়েতের গোচদা গ্রাম থেকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে মন্ডলডিহা আউট পোষ্টের পুলিশ।তাদের কাছে মাওবাদী নামাঙ্কিত ৩১ টি পোষ্টার ও পেনড্রাইভ পাওয়া যায়। এই দুই ধৃত সারেঙ্গার খয়েরপাহাড়ির শিবপ্রসাদ ওরফে শিবু মুর্মু (৪৯) ও বারিকূলের লগদা গ্রামের ডাক্তার হাঁসদা(২৭)। এদের জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে।

