বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, একাধিক ব্যারিকেট ভেঙ্গে এগোনোর চেষ্টা, চলল জলকামান

আমাদের ভারত, ২৬ এপ্রিল:স্কুল সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড হলো। অভিযানে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারী বিজেপি নেতা কর্মীরা। মিছিল ছত্রভঙ্গ করতে বার বার জলকামান ব্যবহার করেছে পুলিশ।

পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার বিজেপি যুব মোর্চার এই বিকাশ ভবন অভিযানে অংশগ্রহণ করতে করুণাময়ী মোরে জমা হতে থাকেন বিজেপি কর্মীরা। যোগ দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান ও অন্যান্য নেতৃত্ব। মিছিলে যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল, প্রিয়াঙ্কার টিব্রেওয়াল সহ অন্যান্য নেত্রীরাও। এ দিন বিকাশ ভবনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা আটকাতে জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ। বেশ কয়েকটি ব্যারিকেড সরিয়ে এগিয়ে যান আন্দোলনকারীরা।

বিকাশ ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে ফের আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের সামনে জমা হওয়া দলীয় কর্মীরা ব্যারিকেট ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের শক্ত বাধার মুখে পড়তে হয় তাদের। জলকামান দিয়ে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। সাময়িকভাবে আন্দোলনকারীরা সরে গেলেও আবার জড়ো হয়ে ব্যারিকেড সরিয়ে বিকাশ ভবনের দিকে এগোনোর চেষ্টা করেন। এরপর ফের পুলিশ জলকামান ব্যবহার করলে রাস্তার ওপরে বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সহ বেশ কয়েকশো বিজেপি নেতাকর্মী।

প্রায় এক ঘন্টা এই পরিস্থিতি চলে। রাজ্য সরকারকে কটাক্ষ করে সুকান্তের অভিযোগ, “গণতন্ত্রকে জলে ভাসানো হচ্ছে।” তিনি বলেন, বিধায়কের প্যাডে নাম ফোন নাম্বার লিখে চাকরির সুপারিশ করা হয়েছে। তৃণমূল নেতারা ১৫ লাখ টাকা নিয়ে চাকরি দিয়েছে। যারা যোগ্য তাদের চাকরি দেওয়া হচ্ছে না। নবান্নের ১৪ তলা থেকে সব ঠিক করা হচ্ছে। আমরা আগামী দিনে সব প্রকাশ্যে আনব। সুকান্ত মজুমদারের অভিযোগ, পুলিশ তাদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে, তার জেরে কম করে ৪ জন জখম হয়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুকান্ত মজুমদার বলেন, “গণতান্ত্রিকভাবে মিছিল হচ্ছিল সেই মিছিলে হামলা করে পুলিশ। ৪ জন জখম হয়েছেন।” যুব মোর্চার মহিলা কর্মীদের অভিযোগ, পুরুষ পুলিশ ছিল এবং তারা মহিলাদের গায়ে হাত দিয়েছে, লাঠিচার্জ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *