পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ এপ্রিল: প্রথম বোর্ড মিটিংয়েই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বালুরঘাট পুরসভায়। হাততালি দিয়ে সমর্থন অনান্য কাউন্সিলরদের। মঙ্গলবার দুপুর থেকে চলা প্রায় তিনঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পরেই একটি পূর্ণাঙ্গ বোর্ডের ঘোষণা করে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। ফাঁকা থাকা তিনটি চেয়ারম্যান ইন কাউন্সিলের নাম এদিন ঘোষণা করেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তীকে পাশে বসিয়েই খামবন্দি একটি প্যাকেট খুলে ওই তিন চেয়ারম্যান ইন কাউন্সিলরের নাম ঘোষণা করেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। দপ্তর ভাগ না করলেও এদিন ওই তিন চেয়ারম্যান ইন কাউন্সিলরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন চেয়ারম্যান। যাদের মধ্যে রয়েছেন ৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হওয়া তৃণমূল কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল কাউন্সিলর সুরজিত সাহা এবং ৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হওয়া নিতা নন্দী। প্রথম পুরো বোর্ডের মিটিংয়ে শহর উন্নয়নের জন্য প্রায় ৫৪ টি বিষয় নিয়ে আলোচনার পরেই এদিন ২৫ জন কাউন্সিলরের উপস্থিতিতে ওই চেয়ারম্যান ইন কাউন্সিলরদের নাম ঘোষণা করেছেন।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, দপ্তর ভাগ না করলেও শিখা মহন্ত সাহা চৌধুরী, সুরজিত সাহা ও নীতা নন্দীর নাম এদিন চেয়ারম্যান ইন কাউন্সিলর হিসেবে ঘোষণা করা হয়েছে।

