সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১০ ফেব্রুয়ারি: বামেদের সাথে জোট নয়, বাকুঁড়া পুরভোটে তিনজন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী সহ ১২ জন প্রার্থী নিয়ে একক ভাবে লড়াইয়ে নামছে কংগ্রেস। ২৪ সদস্য বিশিষ্ট বাকুঁড়া পুরসভায় বাম-কংগ্রেসের জোট বলে আর কিছু থাকছে না। যদিও বামেরা তিনটি আসন কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছিল।
এ প্রসঙ্গে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অরূপ ব্যনার্জি বলেন, জোট কিছু নেই, কংগ্রেস একক ভাবেই লড়বে। দুই সংখ্যালঘু মহিলা সহ তিন জন সংখ্যালঘু, তপশিলি ও মহিলাদের প্রার্থী করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান শাসক দল তৃণমূল ও কেন্দ্রে বিজেপির ভূমিকায় মানুষ বীতশ্রদ্ধ। এই দুই দলের হাত থেকে নিষ্কৃতি পেতে ফের কংগ্রেসের দিকেই ঝুকবে।একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পায়ের তলার মাটি সরে যাচ্ছে দেখে তৃণমূল আতঙ্কের পরিবেশ তৈরী করে ক্ষমতা দখল করতে চেষ্টা করবে।

