স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ জানুয়ারি: দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দুজন নাইট গার্ড। দুজনই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুর থানার মোড় এলাকার।
সূত্রের খবর, গতকাল রাত একটা নাগাদ শান্তিপুর থানার মোড় বাজারে দুজন নাইট গার্ড বাজার পাহারা দিচ্ছিলেন। হঠাৎই একদল দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়, এরপর ওই দু’জন নাইট গার্ডকে লোহার বস্তু দিয়ে বেধড়ক মারধর করে। আশেপাশের লোকজন ছুটে আসলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুজনই আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতের ঘটনায় শনিবার শান্তিপুর থানার মোড় বাজার কমিটির পক্ষ থেকে গোটা এলাকায় প্রচার চালানো হয়। সব ব্যবসায়ী দোকানদারদেরকে দোকান বন্ধ রেখে আলোচনা সভায় ডাক দেওয়া হয়েছে। নাইট গার্ডদের মারধরের ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করে মোড় বাজার কমিটি। শান্তিপুর থানার ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা ঘটায় গোটা থানার মোড় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

