রামপুরহাট স্বাস্থ্য জেলায় ১৭ জন চিকিৎসক করোনা আক্রান্ত

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১১ জানুয়ারি: করোনা আক্রান্ত রামপুরহাট স্বাস্থ্য জেলার ১৭ জন চিকিৎসক। আক্রান্ত ৫০ জনের অধিক নার্স। ফলে চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য জেলায়।
দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার হানা থেকে রক্ষা পাচ্ছেন না চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরাও। এখনও পর্যন্ত রামপুরহাট স্বাস্থ্য জেলায় ১৭ জন চিকিৎসক আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া ৫০ জনের অধিক নার্সের আক্রান্তের খবর মিলেছে।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে বলেন, “চিকিৎসক, নার্স সহ শতাধিক স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা অধিকাংশই নিজ নিজ বাড়িতে নিভৃতে রয়েছেন। চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা আক্রান্ত হওয়ায় চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত হতে শুরু করেছে”।

জানা গিয়েছে, চিকিৎসকের অভাবে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের বহিঃর্বিভাগ তিনদিন করে বন্ধ রাখা হচ্ছে। ফিল্ড কর্মীরা আক্রান্ত হওয়ায় সেখানেও চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে এখনও পর্যন্ত ১৪ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিন ৫-৭ জন করে ভর্তি হচ্ছেন বলে জানান মুখ্যস্বাস্থ্য আধিকারিক শোভন দে।

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের ১৫০ জন চিকিৎসকের মধ্যে আক্রান্ত ১৬ জন চিকিৎসক। ২০৬ জন নার্সের মধ্যে আক্রান্ত ৫৫ জন নার্সিং স্টাফ। এছাড়া ১৭ জন টেকনিশিয়ান এবং ২৫ জন চতুর্থ শ্রেণির কর্মী আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে বলে জানা গিয়েছে।

রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি পলাশ দাস বলেন, “রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বর নিয়ে রোগীরা আসছেন। তাদের অনেকেই করোনায় আক্রান্ত। সেখান থেকেই চিকিৎসক নার্সরা আক্রান্ত হচ্ছেন। তবে এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে বিষয়টি উদ্বেগের”।

দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সচেতন নন মানুষ। এখনও মাস্ক ছাড়াই দিব্যি রাস্তাঘাটে ঘুরছেন মানুষ। বাজার করছেন মাস্ক ছাড়াই। ক্রেতা থেকে বিক্রেতা সকলের মুখই খোলা। সংবাদমাধ্যম ক্যামেরার লেন্স ফেলতেই তাঁরা মাস্ক পড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *