সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১১ জানুয়ারি: করোনার ছোবলে ভয়াবহ পরিস্থিতি বাকুঁড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের।হাসপাতালের ৮০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী সহ ৯৩ জন মিলিয়ে মোট ১৭০ জনের বেশি করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা সামাল দেওয়ায় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের এই পরিস্থিতি দেখে রোগী ও তাদের পরিবারের লোকজন উদ্বেগ প্রকাশ করেছেন।
হাসপাতালের সুপার ডা: তরুণ কুমার পাঠক জানান, হাসপাতালের অবস্থা খুবই উদ্বেগজনক। জুনিয়র ডাক্তার সহ ৮০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত। এছাড়াও নার্স ও স্বাস্থ্য কর্মী মিলিয়ে ৯৩ জন আক্রান্ত। এই অবস্থায় হাসপাতালের পরিষেবা বজায় রাখার সমস্ত রকম ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুরেই হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত বিভাগীয় প্রধান সহ কলেজের অধ্যক্ষের সাথে বৈঠকে বসেন।হাসপাতালের সমস্ত কাজকর্ম স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভিজিটিং সময়ে কোভিড বিধি পালনে, কঠোরভাবে ভিড় নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের উত্তরে শ্রী পাঠক জানান, জরুরি অপারেশন ছাড়া অন্যান্য অপারেশন গুলি পরে করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী সাত দিনের মধ্যেই আক্রান্তরা সুস্থ হয়ে উঠবেন। সুস্থ হয়ে উঠলেই প্রত্যেককে কাজে যোগদান করার আবেদন জানানো হয়েছে।

