প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতার বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের জেরে উত্তেজনা, ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ জানুয়ারি: প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা অরিন্দম সরকারের বাড়িতে দুষ্কৃতী তান্ডবের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লো পানিহাটির ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাড়োয়ারি বাগান এলাকায়। মঙ্গলবার ভোর রাতে একদল দুষ্কৃতী বাইকে করে আসে ও ছাত্র পরিষদ নেতা অরিন্দম সরকারেকে বাইরে বেরনোর জন্য ডাকতে থাকে। এমনকি জোরে জোরে তার বাড়ির দরজা ও জানালায় বারি মারতে থাকে। যার জন্য অরিন্দম বাবুর বাড়ির কাঠের জানলা ভেঙ্গে যায়। এরপর অরিন্দমবাবু বাড়ি থেকে না বেরলে দুষ্কৃতীরা ফিরে যাওয়ার সময় তার বাড়িতে রাখা বাইকটিও ভাঙ্গচুর করে। অভিযোগ, দুষ্কৃতীরা যাওয়ার সময়ও গুলি চালায়। এরপর সকাল হলে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুষ্কৃতী তাণ্ডবের খবর পুলিশের কাছে পৌঁছাতেই দ্রুত ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ।

তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে সেই সম্পর্কে কিছুই বুঝতে পারছেন না বলে জানান তৃণমূলের ওই প্রাক্তন ছাত্র নেতা। তিনি বলেন, “আমাদের এই এলাকা খুবই শান্ত। কোনো দিন এই ধরনের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেনি। তবে কারা এর পেছনে আছে সেই নিয়ে ধন্ধে রয়েছে। কারণ আমার সাথে তো কারোর শত্রুতা নেই।”

এই দুষ্কৃতী তান্ডবের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার অন্যান্য বাসিন্দারা। তাদের বক্তব্য, আগে এই ধরনের ঘটনা ঘটেনি। তবে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। ইতিমধ্যেই এই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *