স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ জানুয়ারি: চা বাগানের দখলকে কেন্দ্র দুই পক্ষের গন্ডগোলে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া থানার হপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী বড়বিল্লা এলাকা। স্থানীয় একটি চা বাগানের দখল নিয়ে সংঘর্ষ বাঁধে আব্দুল মজিদ ও তাজিমুল হকের মধ্যে। গোটা ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। দুই পক্ষের মধ্যে এলাকায় বোমাবাজি ও গোলাগুলি হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। এছাড়াও বোমার আঘাতে একজন গুরুতর জখম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী৷ আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷

চোপড়া ব্লক তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ জানিয়েছেন, ২০ শতক চা বাগানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছে আব্দুল মজিদ ও তাজিমুল হকের মধ্যে। আজকে দুই জনের মধ্যে জমি নিয়ে ব্যাপক সংঘর্ষ বাঁধে৷ দফায় দফায় গুলি ও বোমাবাজি হয়। ৩ জনের পায়ে গুলি লেগেছে৷ একজনের হাতে গুলি লেগেছে৷ তিন জনের অবস্থা সংকটজনক।”
গন্ডগোলের পর জমিতে কার্তুজের খোল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, গুলিবিদ্ধদের মধ্যে রয়েছে এলাকার তৃণমূলের বুথ সভাপতি তাজিমূল হক। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচিন মক্কর জানিয়েছেন, গণ্ডগোলের ঘটনায় ৪ জন জখম হয়েছে৷ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

