স্বরূপ দত্ত, আমাদের ভারত, ১১ জানুয়ারি: আচমকা নদীর জল বেড়ে যাওয়ায় বিঘার পর বিঘা জমির আলু নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত আলু চাষিদের। তিস্তার জল দলঞ্চা নদীতে ছেড়ে দেওয়ার অভিযোগ আলু চাষিদের। ক্ষতিপূরণ না পেলে আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন চাষিরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশীবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, সকাল থেকে আচমকা দলঞ্চা নদীর জল বাড়তে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই বিঘার পর বিঘা জমির আলু নষ্ট হয়ে যায়। এই ঘটনায় আলু চাষিদের মাথায় হাত পড়ে যায়। আলু চাষিরা জানিয়েছেন, প্রায় তিনশো বিঘা জমিতে আলু চাষ করে কৃষকরা। এই প্রথমবার দলঞ্চা নদীতে তিস্তার জল ছেড়ে দেওয়ার কারণে সমস্ত আলু নষ্ট হয়ে যায় বলে অভিযোগ কৃষকদের। কেউ ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আলু চাষ করেছেন, কেউ আবার বাজার থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন। এমন অবস্থায় আলু নষ্ট হয়ে যাওয়ায় চাষিদের মাথায় হাত পড়েছে। কেউ বলছে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি তুলেছেন আলু চাষিরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পঞ্চায়েত সদস্য আবেদুর রহমান। তিনি জানিয়েছেন, তিস্তার জল ছেড়ে দেওয়ার কারণেই দলঞ্চা নদীতে জল বেড়ে যাওয়ার ফলে আলু নষ্ট হয়ে গেছে। বিষয়টি তিনি বিডিও’কে জানিয়েছেন। এবং তিনি আধিকারিকদের সাথে দেখা করে বিষয়টি জানাবেন বলে জানান তিনি।

