স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিক্যাল কলেজে মঙ্গলবার কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হল ষাট বছর বয়সী এক ব্যাক্তির। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঐ ব্যক্তির কো মরবিডিটি ছিল। মঙ্গলবার পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মেডিক্যাল কলেজে ২৩ জন ভর্তি রয়েছেন। এই নিয়ে মেডিক্যাল কলেজে কোভিড আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হল। পাশাপাশি রায়গঞ্জ পুর এলাকাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
উল্লেখ্য, রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে তাল মিলিয়ে রায়গঞ্জ পুর এলাকাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। সোমবার পর্যন্ত রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও ল্যাব কর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬১। কোভিড আক্রান্ত হয়ে সোমবার এক কিশোরের মৃত্যুর পর মঙ্গলবার ষাট বছর বয়সী এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, ঐ ব্যক্তির কো মরবিডিটি ছিল।

মেডিক্যাল কলেজের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, “সোমবার পর্যন্ত মেডিক্যাল কলেজে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ আক্রান্তের সংখ্যা ৬১। স্বাভাবিক ভাবেই কিছু সমস্যা হচ্ছে। তবে আমরা রোটেশন পদ্ধতিতে চিকিৎসকদের দ্বায়িত্ব দিয়েছি। পরিকাঠামোর কোনো অভাব নেই।
অন্যদিকে রায়গঞ্জ পুর এলাকাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। মঙ্গলবার পুর এলাকাতে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৩৭ জন। এদিন নতুন করে ২১, ২৩ ও ২৫ নং ওয়ার্ডকে মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।

