আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ নভেম্বর: ভাটপাড়া পৌর এলাকাকে স্বচ্ছ ভাটপাড়া হিসেবে গড়ে তুলতে শুক্রবার এলাকা পরিদর্শনে আসলেন ভাটপাড়া পৌরসভার মুখ্য পৌর প্রশাসক গোপাল রাউত। শুক্রবার সকাল থেকে ভাটপাড়া পৌরসভার ১০, ১১ নম্বর ওয়ার্ড এবং কাঁকিনাড়া বাজার এলাকায় পরিদর্শন করেন তিনি। এই সমস্ত এলাকায় রাস্তার ধারে নর্দমার ওপর বেআইনি নির্মাণের অভিযোগ আসছিল বেশ কিছু দিন ধরে। এই বেআইনি নির্মাণের কারণে পৌর সাফাই কর্মীদের নর্দমা পরিস্কার করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ পাচ্ছিলেন পৌর প্রশাসক। আর এর ফলে নর্দমা গুলিতে আবর্জনা জমে থাকে। আর এই কারণে নর্দমা ঠিক ভাবে পরিষ্কার না হওয়ায় মশার উপদ্রব বেড়েই চলেছে এই সমস্ত এলাকায়। তাই নিজে পরিস্থিতি খতিয়ে দেখে অবিলম্বে এই সমস্ত বেআইনি নির্মাণ ভেঙ্গে ফেলার নির্দেশ দেন ভাটপাড়া পৌরসভার মুখ্য পৌর প্রশাসক গোপাল রাউত।

এদিন তিনি ভাটপারা পৌর এলাকা পরিদর্শন করে বলেন, “আমার কাছে অনেক দিন ধরেই এই অবৈধ দোকানগুলি সম্পর্কে অভিযোগ আসছিল। আমাদের এলাকার মানুষের স্বার্থ আমরা আগে দেখবো। এই অবৈধ দোকান গুলির ফলে মানুষের অসুবিধা হচ্ছে। এটা কাম্য নয়। আমরা ওই দোকানের মালিকদের বলেছি যাতে ওনারা ওনাদের দোকান সরিয়ে নেন। আর ওনারা না সরালে আমরা আমাদের মিউনিসিপ্যালিটির লোক দিয়ে এই সমস্ত অবৈধ নির্মাণ খালি করে দেওয়া হবে। আর তাতে যা খরচ হবে সেটা এদের থেকেই বহন করা হবে।” পৌর প্রশাসকের এহেন কাজে খুশি ওই সমস্ত এলাকার সাধারণ মানুষেরা।

