সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৬ নভেম্বর: কৃষক আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ এসইউসির কৃষক সংগঠন কিষাণ ক্ষেত মজুর সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও মিছিল সহকারে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কৃষক ও কৃষিকাজে যুক্ত প্রায় এক হাজার মানুষ লালবাজার মোড় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে হাজির হয়। সেখানে এক সমাবেশে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য পেশ করা হয়।
সংগঠনের জেলা সভাপতি দিলীপ কুন্ডু বলেন, আজ ২৬ নভেম্বর দিল্লির বুকে আন্দোলনরত কৃষক আন্দোলনের বর্ষপূর্তি। সংযুক্ত কিষাণ মোর্চা দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। যতদিন সংসদ অধিবেশন চলবে ততদিন সংসদ ভবন ঘেরাও করা হবে। এছাড়াও সমস্ত রাজ্যের জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন দেওয়া হবে। এই সূচি অনুযায়ী কৃষকদের দশ দফা দাবি আদায়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। তিনি বলেন, স্মারকলিপিতে কৃষি আইন ও বিদ্যুত বিল প্রত্যাহার এবং নূন্যতম সহায়ক মূল্যকে আইনসংগত করতে হবে, কৃষি কাজে ব্যবহৃত সার, বীজ, কীটনাশক, ডিজেল, বিদ্যুৎ, ওষুধ সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ, জব কার্ড হোল্ডারদের কমপক্ষে ২০০ দিন কাজ ও ৪০০ টাকা মজুরি, ভূমি সংস্কার অফিসে দুর্নীতি বন্ধ করার দাবি জানানো হয়েছে।

