সাথী দাস, পুরুলিয়া, ২৬ নভেম্বর: নিখোঁজ মহিলার মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার পুঞ্চায়। স্থানীয়ভাবে জানা গিয়েছে, গত বুধবার থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন। পুঞ্চা থানা এলাকার চন্দনপুর গ্রামের বাসিন্দা ৩৪ বছর বয়সী মিনু গড়াই গ্রামের কাছে মাঠে ধান কাটতে যান। এর পরেই ওই মহিলা রহস্যজনক অবস্থায় নিখোঁজ হয়ে যান। পরে পরিবারের লোকজন ওই মহিলার খোঁজ শুরু করে এবং স্থানীয় পুঞ্চা থানায় লিখিত অভিযোগ জানান তাঁরা। বৃহস্পতিবার পুঞ্চা থানার পুলিশ চন্দনপুর গ্রামের চন্দনপুর জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করে। শুক্রবার সকালে ওই মহিলার মুন্ডুহীন দেহ মাটিতে পোঁতা অবস্থায় তারা উদ্ধার করে।
ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুঞ্চা থানার পুলিশ। তদন্তের জন্য প্রশিক্ষিত কুকুর কাজে লাগায় পুলিশ।
জেলা পুলিশ সুপার এস সিলভা মুরগন জানান, ঘটনার তদন্ত চলছে।

