আমাদের ভারত, বীরভূম, ২৬ নভেম্বর: মদ্যপ অবস্থায় পিস্তলের বাঁট দিয়ে এক কলেজ পড়ুয়াকে মারধর করে কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম গুলজার সেখ। সে মুরারই থানায় সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত।
গতকাল রাতে বন্ধুদের সঙ্গে জলসা দেখতে যাচ্ছিল মুরারই কবি নজরুল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল সেখ। তার অভিযোগ, সেই সময় এক বন্ধুকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে ওই সিভিক ভলান্টিয়ার গুলজার সেখ। বিনা কারণে তার বন্ধুকে গালিগালাজের প্রতিবাদ করে সাইফুল। এরপরেই ওই সিভিক ভলান্টিয়ার চড়াও হয় সাইফুলের উপর। অভিযোগ, পিস্তলের বাঁট দিয়ে ঠুকে ঠুকে তাকে মারধর করে ওই সিভিক ভলান্টিয়ার। মারধরের কারণে সাইফুলের কপালের ডান দিক ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে যায় সে। ঘটনার পর তাকে উদ্ধার করে মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বিষয়টি জানিয়ে ওই সিভিক ভলান্টিয়ার সহ ছয় জনের বিরূদ্ধে মুরারই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সাইফুল সেখ।

