আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ ডিসেম্বর: সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ার অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবতী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রাম গ্রামপঞ্চায়েতের গুরুটিয়া গ্রামে। বছর ২৬ এর ওই যুবতীর নাম শিল্পী ঘোষ।
প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবী পাত্র খুঁজছিল শিল্পীর বিয়ের জন্য তার পরিবার। কিন্তু মনমতো পাত্র না মেলায় অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন শিল্পী।
শিল্পী ঘোষের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি চাকুরে পাত্র খোঁজা হচ্ছিল শিল্পীর বিয়ের জন্য, কিন্তু সরকারি চাকুরে পাত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না।
অনেকবার অনেক পাত্র পক্ষ আসছিল তাদের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার আবেদন নিয়ে, কিন্তু সে সব পাত্র সরকারি চাকুরে না হওয়ায় শিল্পী বারবার ওই বিয়ের প্রস্তাব গুলিকে বাতিল করেছিল দীর্ঘদিন ধরে। শেষ পর্যন্ত সরকারি চাকুরে পাত্র না মেলায় বৃহস্পতিবার নিজের বাড়িতেই অবসাদে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে শিল্পী। পরবর্তীকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা শিল্পীকে মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যু নিশ্চিত হবার পর খড়গ্রাম থানার পুলিশ শিল্পী ঘোষের মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হল কান্দি মহকুমা হাসপাতালের মর্গে। পরিবারের একমাত্র কন্যার মৃত্যুর ঘটনায় শোকে পাথর আত্মীয় স্বজন থেকে শুরু করে চেনা পরিচিত সকলেই। খড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

