কেশপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনে দলীয় নেতা কর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার বার্তা দিলেন মানস ভুঁইঞা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর: বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে দলীয় নেতা কর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার বার্তা দিলেন মানস ভুঁইঞা।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিজয়া সম্মেলনে কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা উপস্থিত ছিলেন।

তবে এই অনুষ্ঠানে দেখা যায়নি প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ত্রিপাঠি ও সঞ্জয় পনকে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। যদিও বিধায়ক তথা প্রতিমন্ত্রী বলেন, অভিমানে হয়তো তিনি যোগদান করেননি, তবে তৃণমূল কংগ্রেস একটা পরিবার সবাইকে নিয়ে দলে কাজ করার বার্তা দেওয়া হয়েছে।

যদিও এই প্রসঙ্গে উল্টো সুর শোনা গেল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইতের গলায়।তিনি বলেন, উনি হয়তো আসতে পারেননি পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যে।

এই সভা থেকে মানসবাবু, অজিতবাবুরা দলীয় কর্মীদের পুরেনোদের সম্মান দিয়ে তরুণদের সঙ্গে নিয়ে ঐক‌্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন। কর্মীদের বুথে বুথে বাড়ি বাড়ি যাওয়ারও নির্দেশ দিয়েছেন তারা। মানসবাবু ব্লক নেতৃত্বকে সাফ জানিয়ে দিয়েছেন, একচোখ দিয়ে কাউকে দেখা যাবে না। সকলকেই যথাযথ সম্মান দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত, জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি, মানস ভুঁইঞা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী সহ একাধিক জেলা নেতৃত্ব ও ব্লক নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *