পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর: এ বার হাতজোড় করে খড়্গপুর আইআইটিতে পড়ুয়াদের না পাঠাতে অভিভাবকদের সতর্ক করলেন নিহত ফয়জান আহমেদের মা।
বৃহস্পতিবার খড়্গপুরে আসেন আইআইটির মৃত ছাত্র ফয়জানের পরিজনেরা। গত ১৪ অক্টোবর আইআইটির লালা লাজপত রায় হল থেকে উদ্ধার হয় বছর বাইশের ফয়জান আহমেদের পচাগলা মৃতদেহ। এর পরেই সুদূর অসম থেকে দেহ নিতে এসে খুনের অভিযোগে সরব হন মৃত ছাত্রের পরিজনেরা। অভিযোগ দায়েরের সঙ্গে ছেলের দেহ শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার আর্জি জানান বাবা সেলিম আহমেদ।
ঘটনায় জড়ায় রাজনীতিও। আইআইটির গেটের বাইরে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। এমনকি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের উস্কানিতে এই খুন বলে দাবি করেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি। এর পরে এ দিন খড়্গপুর টাউন থানা ও আইআইটিতে পৌঁছন মৃতের পরিজনেরা। সঙ্গে ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অনিরুদ্ধ মিত্র। এ দিন পুলিশের সঙ্গে কথা বলে খুনের বিস্তারিত অভিযোগ দায়ের করেন মৃতের মা। তার পরেই মৃতের মা পড়ুয়াদের অভিভাবকদের সতর্ক করে হাতজোড় করে আর্জি করেন, “ঘুমিয়ে থাকবেন না। আপনারা জেগে উঠুন। অভিভাবকদের বলছি, ছেলে-মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্তে থাকবেন না। এই খড়্গপুর আইআইটি নিরাপদ নয়।”

পাশাপাশি আজ সন্ধে থেকে “We want justice” দাবি তুলে খড়্গপুর আইআইটিতে বিক্ষোভ দেখায় বেশ কয়েক হাজার ছাত্রছাত্রীর। খড়্গপুর আইআইটিতে মেকানিক্যালের তৃতীয় বর্ষের ছাত্র ফাইজল আহমেদের মর্মান্তিক মৃত্যুতে আইআইটি কর্তৃপক্ষকে দায়ী করেছে তাঁর পরিবার। আজ সন্ধ্যায় মৃত্যুর সঠিক বিচার চেয়ে আইআইটির ভিতরে দফায় দফায় চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের সাথে কথা বলছেন খড়্গপুরের বিধায়ক হিরন। অবশ্য মুখে কুলুপ খড়্গপুর আইআইটি কর্তপক্ষের।

