অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ জানুয়ারি:
বালির গাড়ি পার্কিং করতে গিয়ে বালিখাদানের মধ্যেই মৃত্যু হল লরির খালিসির। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের আলমপুর বালি খাদানে।
পুলিশ জানিয়েছে মৃত খালাসির নাম নন্দদুলাল মন্ডল, বয়স ২২ বছর, বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মল্লিকপুর এলাকায়। জানা গেছে, সোমবার রাতে পটাশপুর থেকে একটি ডাম্পার আলমপুর খাদানে সুবর্ণরেখা নদী থেকে বালি নিতে এসেছিল। তবে খাদানে বালি নেওয়ার জন্য লরির ভিড় থাকায় পার্কিং করতে যান ওই গাড়ির চালক। তখন পেছন থেকে গাড়ি পার্কিং এর পথ নির্দেশ করার সময় হঠাৎকরে গাড়ির চাকার তলায় পড়ে যান খালাসি নন্দদুলাল। তখন স্থানীয়রা এবং গাড়ি চালক গুরতর আহত খালাসিকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরে ঘটনার খবর পেয়ে গোপীবল্লভপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালের মর্গে পাঠায়।
বালি খাদানের মধ্যে একজন খালাসির মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বালি খাদান নিয়ে প্রশাসনের পদক্ষেপের বিষয়ে।কারণ যেখানে দিনের পর দিন বালি খাদানে অবৈধ কারবারের খবর আসছে সেখানে কিভাবে রাতের অন্ধকারে খাদানে বালি বোঝাইয়ের জন্য গাড়ি ঢুকছে? তবে কি রাতের অন্ধকারে চলছে অবৈধ কারবার? এই মৃত্যুর পর উঠছে সেই প্রশ্ন।

