ভাটপাড়ায় দলীয় প্রতীক লাগিয়ে স্কুল স্যানিটাইজেশন করে ভোট প্রচার, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হবে বিরোধীরা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ ফেব্রুয়ারি: ভাটপাড়ায় দলীয় প্রতীক লাগিয়ে তৃণমূল প্রার্থীর স্কুল স্যানিটাইজেশন করে ভোট প্রচার করাকে কেন্দ্র করে শুরু হলো বিতর্ক। কমিশনের দ্বারস্থ হবার কথা জানালেন বিরোধীরা।

নির্বাচনী বিধি লঙ্ঘন করে সরাসরি প্রাইমারি স্কুলে ঢুকে পড়লেন ভোট প্রচার করতে ভাটপাড়া ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবজ্যোতি ঘোষ। বুকে তৃণমূলের প্রতীক লাগিয়ে ভাটপাড়া নারী শিক্ষা প্রাথমিক স্কুলে স্যানিটাইজেশনের কাজে লাগলেন দেবজ্যোতি ঘোষ। গলায় তেরংগা উত্তরীয় ঝুলিয়ে, আর বুকে জোড়া ফুলের চিহ্ন নিয়ে সারা স্কুল স্যানিটাইজেশন করলেন। তাও স্কুলের প্রধান শিক্ষকের সামনেই চললো এই কাজ। এরপরে করজোড়ে স্কুলের অভিভাবকদের কাছে ভোটের আবেদন করতে থাকেন।

তবে এই প্রসঙ্গে দেবজ্যোতি বাবু জানান, “আমি প্রচারে এসেছিলাম। তখন আমাকে খবর দেওয়া হয় যে এই স্কুলে স্যানিটাইজেশন হয়নি। অথচ আগামী কাল থেকে বাচ্চারা আসবে। তাই মানবিকতার খাতিরে আমি স্কুলে স্যানিটাইজেশন করতে চলে এসেছি। প্রতীকটা খুলতে ভুলে গেছি। এটা ভুল হয়ে গেছে। তবে আমাদের মুখ্যমন্ত্রী যা কাজ করেছেন তাতে আমাদের আর নতুন করে ব্যাচ লাগিয়ে প্রচার করার মত কৌশল আমাদের করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই আমাদের কৌশল।”

তবে ১ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী গৌতম বিশ্বাস জানান, নির্বাচনী বিধি ভঙ্গ করেছে তৃণমূল প্রার্থী। তাই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন তারা। তিনি এদিন বলেন, “এই ভাবে বিধি ভেঙে স্কুলের ভেতরে প্রচার করা যায় না। এটা ঠিক না। তাই আমার নির্বাচন কমিশনে অভিযোগ করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *