আমাদের ভারত, ব্যারাকপুর, ১ জানুয়ারি: ফের কাটমানির পোস্টার পড়লো তৃণমূল নেতার নামে। বারাসাত ৩৩ নং ওয়ার্ড এলাকায় ওয়ার্ড কো-অর্ডিনেটর মিলন সর্দারের নামে পড়ল কাটমানির পোস্টার।
শনিবার ভোররাতে কে বা কারা নিবেদিতা পল্লী ও আরদেবক এলাকার বিভিন্ন জায়গায় “নববর্ষের উপহার কাটমানির সর্দার আর নেই দরকার” লেখা পোস্টার সেঁটে দিয়ে যায়। পাশাপাশি আরও বেশ কয়েকটি পোস্টার সাঁটানো হয় যেখানে লেখা, প্রকৃত ভারতীয় নাগরিককে বঞ্চিত করে বাংলাদেশী নাগরিকের নামে কিভাবে সরকারি বাড়ি দেওয়া হল, মিলন সর্দার জবাব দাও এবং ৩৩ নং ওয়ার্ডের বহু কুকীর্তির নায়ক, বারাসাত পৌরসভাকে চুনকালি মাখানোর নায়ক দূর হটো।

উল্লেখ্য, এর আগেও ৩৩ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটরের নামে কাটমানি পোস্টার পড়েছিল। এ বিষয়ে ওয়ার্ড কো-অর্ডিনেটর মিলন সর্দার বললেন, হিংসার বশে এই কাজ করা হয়েছে। নিবেদিতা পল্লী ও আরদেবক এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে বেশ কিছু জনকে চিহ্নিত করা গেছে। এ বিষয়ে দলের ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দল যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি তিনি এই কাজে বিরোধীদের যোগসাজোগ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন।

