সাথী দাস, পুরুলিয়া, ৬ জুলাই: নদী থেকে বালি তোলা জেলা প্রশাসন বন্ধ করলেও অবাধে বালি তোলা চলছে ঝালদার সুবর্ণরেখা নদী থেকে। এরই প্রতিবাদ জানিয়ে ব্লক ভূমি দফতরের আধিকারিককে স্মারকলিপি দিল বিজেপি। আজ এই বিষয় সহ কয়েক দফা দাবি নিয়ে ঝালদা ১ ভূমি ও ভূমিসংস্কার দফতরে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা।
দলীয় কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া জেলা বিজেপি সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো জানান, “বার বার ডেপুটেশনে বলা হয়েছে অবৈধ বালি পাচার রুখতে, কিন্তু এখনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। ঝালদা ১ ভূমি দফতরে ১১ জন রেভিনিউ ইনস্পেক্টর ও ১১ জন আমিন থাকার কথা, সেখানে মাত্র ২ জন শুধু আমিন নিয়ে চলছে দফতর। ফলে ওই দফতরে কাজ ঠিকমতো হচ্ছে না। সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
আরও পড়ুন “স্পিকার দলদাস, বিধানসভাতেও বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে”: শুভেন্দু অধিকারী
প্রসঙ্গত, সোমবার থেকে নদী থেকে বালি তোলা বন্ধের বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই নির্দেশিকায় বলা হয়েছে যে জেলার কোন নদী বা জোড় থেকে বালি খনন এবং উত্তোলনে বর্ষা কালের জন্য নিষেধাজ্ঞা জারি হল। যতদিন না পর্যন্ত ফের অনুমতি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই নির্দেশিকা বলবৎ থাকবে। এই নির্দেশিকা অগ্রাহ্য বা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। আর তার পরও রাতের অন্ধকারে অবাধে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ করল স্থানীয় বিজেপি।

