জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুলাই: পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পথে নামল এসইউসিআই।
পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলের রাজ্য কমিটি ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দিয়েছে। সেইমতো মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি নারায়ণগড় ব্লক কমিটির পক্ষ থেকে নারায়ণগড় ব্লকের বেলদাতে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। মিছিল বেলদার কেশিয়াড়ি মোড় থেকে শুরু হয়ে সারা বেলদা শহর ঘুরে ট্রাফিক স্ট্যান্ডে এসে শেষ হয়। প্রতীকি এলপিজি সিলিন্ডার ও মোদীর ছবি নিয়ে বিক্ষোভ দেখান দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিলে পথ হাঁটেন সকলে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। মিছিল শেষে ট্রাফিক স্ট্যান্ডের সামনে প্রতীকি এলপিজি সিলিন্ডার ও নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে দফায় দফায় বিক্ষোভ দেখান দলের কর্মী সমর্থকরা।
আরও পড়ুন ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো তৃণমূল নেতা, ভুয়ো সিবিআইয়ের পর এবার রাজ্যে ভুয়ো ডিএসপি

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ কৃষি আইন ও বিদ্যুৎ বিল ২০২০ বাতিলের দাবি জানিয়ে পথসভায় বক্তব্য রাখেন বক্তারা। দ্রুত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সমস্ত প্রকার দাবি জানিয়ে বেশ কয়েকজন প্রতিনিধি নারায়ণগড় ব্লকের বিডিওকে ডেপুটেশন দেয় এদিন।
এদিনের মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন তুষার জানা, সূর্য প্রধান, প্রদীপ দাস, শ্যামাপদ জানা, সুশান্ত পানিগ্রাহী, ব্রতীন দাস সহ আরও অনেকে।

