আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ ডিসেম্বর: বিজেপির টিকিটে জিতে অন্য দলে যাওয়া যাবে না, বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে হলে এই মুচলেকা দেওয়ার নিদান দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
আসন্ন পুরভোট উপলক্ষ্যে বুধবার বিকেলে ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে শ্যামনগরের ভারতচন্দ্র লাইব্রেরী হলে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এদিনের কর্মী সম্মেলনে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ তথা বিজেপির সহ-সভাপতি অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা ইনচার্জ প্রবাল রাহা, রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, নব নির্বাচিত জেলা সম্পাদক সন্দীপ ব্যানার্জি, বিজেপির রাজ্য যুব মোর্চার সদস্য কুন্দন সিং, বিজয় মুখার্জি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের কর্মী সম্মেলনে হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, আটটি পুরসভা জেতার জন্য কলা কৌশলী ঠিক করার জন্য আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন তিনি আগামী পৌর সভার ভোট প্রসঙ্গে বলেন, “কলকাতার সঙ্গে ব্যারাকপুরের বিস্তর ফারাক। কলকাতাতে ধনী ব্যবসায়ীদের ভয় দেখিয়ে দেওয়া হয়। কিন্তু ব্যারাকপুর শিল্প অধ্যুষিত এলাকা। এখানে ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়া হবে। এখানে পৌর সভার ভোটে বিজেপির ফল ভালো হবে।
ভোটে বিজেপির টিকিট পাওয়ার প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং নিদান দিয়ে বলেন, “ভোটে জেতার পর বিজেপির কেউ অন্য দলে যেতে পারবে না। যদি যান তাহলে তাকে পদত্যাগ করে যেতে হবে। আর এই শর্ত মেনে মুচলেকা দিলেই টিকিট দেওয়া হবে। যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিল তারা আর বিজেপিতে আসতে চাইলে ও তাদের টিকিট দেওয়া যাবে না। তাদের আগে বিজেপির ঝান্ডা নিয়ে প্রচার করতে হবে। তারপর পরবর্তীতে টিকিট দেওয়ার কথা ভাববে দল।”

