সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ১১ আগস্ট: এক দিকে তৃণমূলের হেভিওয়েট নেতারা দুর্নীতির অভিযোগে জেলে ঢুকছে। অন্যদিকে নতুন নেতারা দলকে ফের মজবুত করতে দলের নেতাকর্মীদের হুঁশিয়ার দিয়ে বলছেন, কাজ না করলে দল থেকে সরিয়ে দেওয়া হবে। দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস।
জেলা সভাপতির দায়িত্ব নিয়ে বুধবার রাতে বনগাঁয় প্রথম সাংগঠনিক সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিলেন ঘরে বসে রাজনীতি করলে দল থেকে সরিয়ে দেওয়া হবে। দলে থাকতে গেলে মানুষের জন্য কাজ করতে হবে এমনই হুঁশিয়ারি দিলেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ৷ এদিন বনগাঁর নীল দর্পণ ভবনে বনগাঁ সাংগঠনিক জেলার সকল ব্লক সভাপতি পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি সহ সর্বস্তরের নেতৃত্বদের নিয়ে সভা করেন৷ সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ বাবু বলেন, “মুখ্যমন্ত্রী ২৪ ঘন্টা কাজ করেন। যারা ঘরে বসে রাজনীতি করছেন তারা ঘর থেকে বেরিয়ে এলাকায় এলাকায় যান দলের জন্য মানুষের জন্য কাজ করুন। কাজ না করলে দল থেকে তাদের সরিয়ে দেওয়া হবে৷
এদিন সভায় বনগাঁ বাগদা গাইঘাটা স্বরূপনগরের বিভিন্ন স্তরের নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। বনগাঁর বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ ও প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এই সভা কে নিয়ে কটাক্ষ করেছে বিজেপির।

