পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ আগস্ট: সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই মেদিনীপুর শহরে উচ্ছ্বাস বিজেপির। অনুব্রত মণ্ডলের সেই বিখ্যাত মেনু “গুড়- বাতাসা- নকুল দানা” নিয়ে পথচারীদের বিলি শুরু করলেন বিজেপি নেতারা। বৃহস্পতিবার এই গ্রেফতারের ঘটনা জানার পরে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির নেতারা আনন্দ উৎসব করতে শুরু করে দেয়। সঙ্গে মেদিনীপুর শহরের বাজার থেকে গুড় বাতাসা নকুল দানা কিনে পথচারীদের মধ্যে বিলি করতে শুরু করেন তারা।

মেদিনীপুর শহরের পঞ্চুরচক, রাজাবাজার ও সংলগ্ন এলাকায় পথচারী, বিভিন্ন যান বাহনের চালক সবাইকে দাঁড় করিয়ে তাদের হাতে এই সমস্ত জিনিস তুলে দেন তারা। ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন তৃণমূল নেতা তথা মেদিনীপুর পৌরসভার প্রধান সৌমেন খান। তাকেও আটকে তার হাতে রাখি পরিয়ে গুড় বাতাসা নকুল দানা দিয়েছে বিজেপি নেতারা।

এই কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতা শংকর গুছাইত বলেন, “অনুব্রত মণ্ডল গুড় বাতাস নকুল দানা সাধারণ মানুষকে খাওয়াবেন বলেছিলেন। আর আজ তার গ্রেফতার হওয়াতে তার মনের ইচ্ছা আমরা পূরণ করে দিলাম। সিবিআই এতদিনে সঠিক কাজ করেছে।”
আজ কেশপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে অজিত মাইতি বলেন, এটা কেন্দ্রের চক্রান্ত। অনুব্রত কতটা দোষী আমরা জানি না, কিন্তু তার থেকে বেশি দোষী বিজেপির মধ্যে রয়েছে।

