Amit Shah, BJP, দিদি আপনি না এলে আমি আসছি বাংলায়, প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অমিত শাহর

আমাদের ভারত, ১৫ এপ্রিল: পয়লা বৈশাখের দিন উত্তরবঙ্গে হাই ভোল্টেজ জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই ধরা হয়ে থাকে, আর সেখান থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন শাহ। একই সঙ্গে দার্জিলিংয়ের পাহাড়ে দীর্ঘদিন গোর্খা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন। ২০২১ সালে দার্জিলিং জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের পাঁচটিতে বিজেপি জয় লাভ করে। এবার লক্ষ্য ২৬- এও সেই গেরুয়া ঝড় ধরে রাখা।

দার্জিলিং- এর সভা থেকে অমিত শাহ বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন হলে সংবিধান মেনে গোর্খা সমস্যার স্থায়ী সমাধান করা হবে। পাহাড়ে বসবাসকারী মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর করাই বিজেপির অন্যতম লক্ষ্য।

তিনি আরো দাবি করেন, এই সরকারের আমলে পাহাড়ে হাজার হাজার গোর্খার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে পুলিশরাজ কায়েম হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এটা বন্ধ হবে।

একই সঙ্গে প্রত্যয়ের সঙ্গে অমিত শাহ দাবি করেছেন, দার্জিলিং বা বাংলায় এবার বিজেপি সরকার হতে চলেছে। বিজেপি সরকার তৈরির সঙ্গে সঙ্গে বাংলায় অনুপ্রবেশ বন্ধ হবে।
গুন্ডারাজ শেষ হবে। সিন্ডিকেট আর মাফিয়ারাজও শেষ হবে।

গোর্খা ইস্যুতে নিজের উদ্যোগের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গত দেড় বছরে তিনবার বৈঠক ডাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে যোগ দেননি। থাকেননি রাজ্য সরকারের কোনো প্রতিনিধি। তিনি বলেন, মমতা দিদি বা ওদের কোনো প্রতিনিধি দিল্লি আসেনি। তাই আমি হয়রান হয়ে ভাবলাম দিদি আপনি না এলে আমি বাংলায় আসছি।

তিনি আরো অভিযোগ করেন, রাজ্য সরকার ইছাকৃতভাবে সমস্যা ঝুলিয়ে রাখছে। কারণ হিসেবে তিনি বলেন, মমতা দিদি চান না দার্জিলিঙে দেশভক্ত গোর্খা ভাইরা তাদের ন্যায্য অধিকার পান। তবে আশ্বাস দিয়ে তিনি বলেন, ৫ মে বিজেপি সরকার গঠন হওয়ার পর গোর্খা সমস্যা সমাধান আমাদের প্রথম অগ্রাধিকার হবে। শুধু সমাধানের আশ্বাস নয়, গোর্খা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিও প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *