টেট উত্তীর্ণদের শংসাপত্র না দিলে ফর্মের টাকা ফেরাবেন? প্রশ্ন আদালতের

রাজেন রায়, কলকাতা, ২৬ নভেম্বর: ২০১৪ সাল থেকে আর শংসাপত্র পাচ্ছেন না প্রাথমিক টেট উত্তীর্ণরা। এবার সেই শংসাপত্র পেতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণহীন পরীক্ষার্থীরা। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষা সংসদের আইনজীবী লক্ষ্মী গুপ্তার কাছে এ বিষয়ে জানতে চায়। প্রাথমিক টেটে সার্টিফিকেট না দিলে পরীক্ষার্থীদের টেটের ফর্ম কেনার যে মূল্য তা ফেরত দেওয়া হবে কি, জানতে চাইল আদালত।

২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করার পরেও শংসাপত্র পাননি প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী। তাঁদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, সার্টিফিকেট না পাওয়ায় তাঁর মক্কেলরা অন্য রাজ্যে চাকরি করার আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তা ছাড়া পরীক্ষায় কত নম্বর পেয়েছে তাঁরা পাশ করেছেন, তাও জানা যাচ্ছে না।

শুক্রবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী লক্ষ্মী গুপ্ত বলেন, বোর্ডের সিদ্ধান্ত তারা কোনও প্রশিক্ষণহীনদের শংসাপত্র দেবে না। মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য পাল্টা বলেন, সার্টিফিকেট না দেওয়ায় কে কত নম্বর পেয়েছে তা স্পষ্ট হচ্ছে না। ডিভিশন বেঞ্চ বোর্ডের কাছে জানতে চায়, যাঁরা সার্টিফিকেট পাবেন না তাঁদের টাকা কি ফেরত দেওয়া যায়? ফর্মের দাম ২৫০ টাকা। সেই মতো যদি ৩০ হাজার পরীক্ষার্থী শংসাপত্র না পান, তা হলে টাকার অঙ্কটা খুব কম নয়। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *