বাড়ি ফেরা নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা, ইটাহারে শ্বশুর বাড়িতেই স্ত্রীকে কুপিয়ে খুন করে ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ নভেম্বর: বাড়ি ফেরা নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা, শ্বশুর বাড়িতেই স্ত্রীকে কুপিয়ে খুন করে ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের মায়ানগর গ্রামে। মৃতার নাম, গীতা চৌধুরী(২০)। স্বামীর নাম সঞ্জয় চৌধুরী।

মৃতার আত্মীয়রা জানিয়েছেন, পেশায় ভিনরাজ্যের শ্রমিক সঞ্জয়, দিন দশেক আগে তার স্ত্রীকে ইটাহারে তার বাপের বাড়ি রেখে তার নিজের বাড়ি মালদার সামসিতে চলে যায়। এরপর দিন তিনেক আগে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে আসে। কিন্তু গীতা বাড়ি ফিরতে না চাওয়ায় দু’জনের মধ্যে বিবাদ চলছিল। এরপর শুক্রবারও এনিয়েই দু’জনের মধ্যে বিবাদ হয়। মৃতার বাবা মা জমিতে কাজ করতে গেলে বাড়ি ফাঁকা পেয়ে গীতাকে শোবার ঘরেই ধারালো অস্ত্র দিয়ে সঞ্জয় খুন করে বলে অভিযোগ। আর সেই সঙ্গে নিজেও আত্মহত্যার চেষ্টা করে।

এদিকে প্রতিবেশী ও আত্মীয়রা এসে দুজনকে রক্তাক্ত অবস্থায় শোবার ঘরে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দু’জনকে ইটাহার গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে গীতাকে মৃত বলে ঘোষণা করা হয়, চিকিৎসাধীন অভিযুক্ত স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *