স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩
এপ্রিল: এবারের ভোটদান গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আমি বাংলায় পরিবর্তনের আভাস দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার দুপুরে নদিয়া উত্তর ও দক্ষিণ বিজেপি সংগঠনিক জেলার ব্যবস্থাপনায় ও বিজেপি প্রার্থীদের সমর্থনে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে এক প্রকাশ্য জনসভায় যোগদান করে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬- এর বিধানসভা নির্বাচনের আজ প্রথম দফায় দুপুরের মধ্যে প্রায় প্রতিটি আসনে অনেক বেশি সংখ্যায় ভোট পড়েছে। যা বিগত ৫০ বছরে এই রাজ্যের ক্ষেত্রে বিরলতম ঘটনা। অন্যদিকে নির্বাচন কমিশনকে সাধুবাদ জানান তিনি। সভার শুরুতে প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হওয়ার পর বিজেপি নেতৃত্ব তাঁর হাতে যুগবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিজেপি ক্ষমতায় আসলে এরাজ্যে যে সকল জনমুখী প্রকল্পের বাস্তবায়ণ করা হবে সেই বিষয়ে বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্বরা। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের প্রথমার্ধে এদিনের দুপুরের মধ্যে দু’ একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সকল ভোটারদের তিনি অভিনন্দন জানান, এবং সকলকে নির্দ্বিধায় ভোটদানে অংশগ্রহণ করতে আবেদন করেন।
তিনি বলেন, আগে ভোটের সময় খুন রাহাজানির ঘটনা ঘটতো, এবারের প্রথম দফার ভোট অনেকটাই শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। এবং এবারের প্রথম দফায় সবকটি কেন্দ্রে নির্বিঘ্নে ভোট গ্রহণ প্রক্রিয়া চলার কারণে এই ভোটকে তিনি উৎসব বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, “আমি ঝাল মুড়ি খেলাম, আর ঝাল লাগলো তৃণমূলের,” বলে রাজ্যের শাসক দলকে সরাসরি কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
আগামী ৪ মে বিজেপি জয়লাভ করার পর এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করবে বলে আগাম শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রকাশ্য জনসভাকে কেন্দ্র করে আজ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। অন্যদিকে সভাকে কেন্দ্র করে কড়া প্রশাসনিক নিরাপত্তায় ঘিরে রাখা হয় গোটা শহরকে। এ দিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির নদিয়া উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা নেতৃত্ব থেকে শুরু করে বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

