BJP, Labpur, লাভপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী, তাঁর ছেলে এবং নির্বাচনী এজেন্ট

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৩ এপ্রিল: মাথা ফাটিয়ে দেওয়া হলো বিজেপির নির্বাচনী এজেন্টের। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে। জখম হয়েছেন নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল সহ আরও একজন। তাদের সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছে বিজেপি প্রার্থীর ছেলে দিব্যরূপ ওঝাকে। পরে তাঁরা পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন। পুলিশ এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে।

জানা গিয়েছে, এদিন লাভপুর বিধানসভার ভ্রমরকোল গ্রামের ৬৮ নম্বর বুথে তৃণমূলের বুথ দখলের খবর পেয়ে সেখানে পৌঁছোন বিজেপির নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল। তিনি ২০২১ সালের নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন প্রার্থীর ছেলে দিব্যরূপ ওঝা এবং এক বিজেপি কর্মী। বুথ থেকে বেড়িয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য গাড়িতে চাপেন তাঁরা। বুথের একশো মিটারের মধ্যেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের গাড়ি ঘিরে ধরে ভাঙ্গচুর চালায়। গাড়ি থেকে টেনে নামিয়ে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপির নির্বাচনী এজেন্টকে। তুলে নিয়ে যায় প্রার্থী দেবাশিস ওঝার ছেলে এবং বিজেপি কর্মীকে।

বিশ্বজিৎবাবু বলেন, “বুথ দখলের খবর পেয়ে সেখানে যাই। বুথ থেকে বেড়িয়ে গাড়িতে চড়ে অন্যত্র যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় ১০০-১৫০ লোক আমাদের গাড়ি ঘিরে ইট, পাথর ছুঁড়তে থাকে। কাঁচ আমাদের শরীরে লেগে অনেক জায়গায় ক্ষত হয়। এরপর গাড়ি থেকে সবাইকে টেনে হিঁচড়ে বের করে মারতে শুরু করে। একটা গোটা ইট দিয়ে আমার মাথায় আঘাত করে রক্তাক্ত করে দেয়। এরপর দিব্যরূপ এবং আর এক কর্মীকে তুলে নিয়ে যায়।”

বিজেপির সিউড়ি কেন্দ্রের প্রার্থী, দলের রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “ওই এলাকাটা সাঁইথিয়া থানার অধীন। ওই থানার ওসির বিরুদ্ধে আগেই আমরা নিস্ক্রীয়তার অভিযোগ জানিয়েছিলাম। এখন প্রমানিত হল। আমরা ওসির সাসপেন্ড দাবি করছি।”

এদিকে কীর্ণাহারের কাজি পাড়া গ্রামে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকেও মারধর করা হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন প্রার্থীর দেহরক্ষী, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বিজেপির লাভপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গিয়েছে। তাই ওরা পরিকল্পনা করে আমাদের নেতৃত্বকে মারধর করছে। ওরা আমাদের নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল, মণ্ডল সভাপতি সুদীপ ঘোষ, প্রার্থীর ছেলেকে মারধর করেছে। কোনক্রমে তাঁরা প্রাণে বেঁচেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *