গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৩ এপ্রিল: আরামবাগ বিধানসভার বিজেপি প্রার্থী হেমন্ত বাগ ও পুড়শুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে বৃহস্পতিবার সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি ক্ষমতা থেকে পদচ্যুত করার হুঙ্কার দেন। তিনি বলেন, ঘুষ পেটিয়া মুক্ত বাংলা গড়তে সরকার পাল্টাতে হবে।
তিনি বলেন, পশ্চিমবঙ্গ আলুর রাজধানী, কিন্তু এখানকার আলু চাষিরা মার খাচ্ছে, কারণ বাইরের রাজ্যে আলু যেতে দেওয়া হচ্ছে না। তাই চাষিরা আলুর দাম পাচ্ছে না। বিজেপি সরকার ক্ষমতায় এলে সমস্ত বাইরের রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করা হবে এবং চাষিরা আলুর দাম পাবে। এখন ২২ টাকার আলু ২ টাকায় বিক্রি হচ্ছে। পশ্চিমবঙ্গের আলু চাষিদের বাইরে রাজ্য থেকে আলুর বীজ কিনতে হয়। পশ্চিমবঙ্গে আলু বীজ বানানোর কোনো ব্যবস্থা নেই। এই রাজ্যে আলু বীজ তৈরি হলে আলু বীজের দাম অর্ধেক হয়ে যাবে। ৫ তারিখ সরকার গঠন হওয়ার পর ঘুষ পেটিয়াদের পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হবে।
অমিত শাহ বলেন, এস আই আর- এ ঘুষ পেটিয়াদের নাম বাদ যাওয়ার ফলে মমতা দিদি কাঁদছেন। দিদি শুনুন, পাঁচ তারিখের পর আপনার ও আপনার ভাইপোর ক্ষমতা শেষ হয়ে যাবে। ৫ তারিখের পর সাবধান হয়ে যাবেন, এতদিন যারা সন্ত্রাস করেছেন, আমার কার্যতকর্তাদের মারধর করেছেন, তাদের পাতাল থেকে খুঁজে বের করা হবে।
তিনি বলেন, মহিলা মুখ্যমন্ত্রী হয়েও পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা ভারতবর্ষের মধ্যে সব থেকে খারাপ। এই রাজ্যে ঘুষপেটিয়া তৃণমূল নেতারা আমার মা ও বোনেদের অত্যাচার করছে। এই প্রসঙ্গে তিনি সন্দেশখালি, কসবা ল’ কলেজ ও আর জি কর- এর ঘটনা সহ বেশ কিছু ধর্ষণের ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি, পাকিস্তানের সন্ত্রাসবাদিদের মদত দিচ্ছে কংগ্রেস ও তৃণমূল, তারা তাদের বিরিয়ানি খাওয়াচ্ছে।

