AAP, BJP, সংসদীয় রাজনীতিতে কার্যত নিশ্চিহ্ন আপ, শক্তি বৃদ্ধি বিজেপির, রাজ্যসভায় একক সংখ্যাগরিষ্ঠতার দোড় গোড়ায়

আমাদের ভারত, ২৪ এপ্রিল: জাতীয় রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়। সংসদীয় রাজনীতিতে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল আম আদমি পার্টি। একযোগে আপের সাত সাংসদ পদ্ম শিবিরে যোগ দিলেন। অরবিন্দ কেজরিওয়ালের হাত ছেড়ে পদ্ম শিবিরের নাম লেখালেন রাঘব চড্ডা, স্বাতী মালিয়াল, হরভজন সিং, অশোক মিত্তাল, সন্দীপ পাঠক, রাজবিন্দার গুপ্তা, বিক্রম সাহানিরা। এর ফলে রাজ্যসভায় শক্তি অনেকটাই বেড়ে গেল বিজেপির।

এনডিএ সার্বিকভাবে আগেই সংখ্যাগরিষ্ঠতা পেরিয়েছে। এবার রাজ্যসভায় এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। ২৪৫ আসনের মধ্যে বিজেপির হাতে ছিল ১০৬ সংসদ। এনডিএ সম্বলিত আসন সংখ্যা ১৪৯। দ্যা ম্যাজিক ফিগারের চেয়ে অনেকটাই বেশি। এবার সেই সংখ্যা আরো অনেকটা বাড়লো। আপের সাত সাংসদ যোগ দেওয়ার ফলে বিজেপি এককভাবে পৌঁছে গেল ১১৩ আসনে। এনডিএ পৌঁছে গেল ১৪৬ আসনে। ২৫০ আসনের রাজ্যসভায় ম্যাজিক ফিগার এমনিতে ১২৬। তবে এই মুহূর্তে কয়েকটি আসন ফাঁকা থাকায় সেটা আরো খানিকটা নেমেছে, অর্থাৎ বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অনেকটাই কাছাকাছি চলে গেল।

এদিকে বিরোধী শিবিরে এখন রয়েছেন ৭৫ জন সাংসদ। এর মধ্যে ২৯টি কংগ্রেসের, তৃণমূলের ১৩টি এবং ডি এম কে’র‌ ৮টি আসন রয়েছে, সমাজবাদী পার্টির ৪ এবং বামেদের ৬টি আসন রয়েছে। এর বাইরে অন্যান্য দলগুলির মধ্যে আপের সংসদ সংখ্যা ছিল ১০। এবার সেটা কমে দাঁড়ালো তিনে। ওয়াই এস আর কংগ্রেস এবং বি জেডির সাংসদ ৭ ও ৬। এবছরের শেষের দিকে আরও ৩৪ আসনের নির্বাচন হওয়ার কথা, সেই সময় বিজেপির সংখ্যাটা বেড়ে ১২০ পর্যন্ত হয়ে যেতে পারে। ফলে আরো কমতে পারে বিরোধীদের আসন সংখ্যা।

রাজ্যসভায় বিজেপির এই বিপুল শক্তি বৃদ্ধি বিজেপির জন্য বড় সুখবর। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে লোকসভার চেয়ে রাজ্যসভায় বেশি স্বস্তিদায়ক জায়গায় পদ্ম শিবির। আগামী দিনে আর কোনো আইনের ক্ষেত্রেই রাজ্যসভার বেড়াটা টপকাতের সমস্যায় পড়তে হবে না পদ্ম শিবিরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *