BLO, Bankura, বাঁকুড়ায় গরমে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএলও’র

আমাদের ভারত, সোমনাথ বরাট, বাঁকুড়া, ২৫ এপ্রিল: গরমে অসুস্থ হয়ে এক বিএলও-র মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে৷ নির্বাচনের দিন প্রবল গরমে লাগাতার কাজ ও পানীয় জল না পাওয়াতেই বিএলও অসুস্থ হয়ে পড়েন। তারই ফলে
মৃত্যু হয় বিএলও-র। শনিবার এমনই অভিযোগ মৃত বিএলও-র পরিবারের সদস্যদের। বিএলও-র মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়।

আজ সকালে বাঁকুড়ার মৌলাডাঙ্গা এলাকায় নিজের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শম্পা লাই পরামানিক নামের ওই বিএলও’র মৃত্যু হয়। পরিবারের দাবি, ভোটের দিন প্রবল রোদ ও গরমের মধ্যে দিনভর বুথের বাইরে বসে নিজের দায়িত্ব সামলাতে হয়েছে। পানীয় জলও পাননি তিনি। সেই পরিস্থিতিতেই নির্বাচনের দায়িত্ব পালন করে বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

উল্লেখ্য, চলতি বিধানসভা নির্বাচনে বুথে বুথে বিএলওদের নির্দিষ্ট দায়িত্ব দেয় নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনে বিএলও’র দায়িত্বপ্রাপ্ত বাঁকুড়ার মৌলাডাঙ্গা গ্রামের আইসিডিএস কর্মী শম্পা পরামানিক ভোটের দিন বাঁকুড়া টাউন বয়েজ হাইস্কুলের বুথে নিজের দায়িত্ব সামলান। পরিবারের অভিযোগ, ভোট চলাকালীন দিনভর বুথের বাইরে প্রবল রোদ ও গরমের মধ্যে থেকে নিজের দায়িত্ব পালন করতে হয় শম্পা পরামানিককে। নির্বাচন শেষ হওয়ার পর বমি শুরু হয় শম্পা পরামানিকের। বাড়িতে রেখেই তাঁর চিকিৎসা চলছিল। শনিবার সকালে অসুস্থতা বাড়লে তাঁকে বাঁকুড়া শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএলও’দের প্রতি অমানবিক আচরণের অভিযোগে সরব হয়েছে মৃতার পরিবারের লোকজন ও স্থানীয় বিএলওরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *